ঝালকাঠিতে বিভিন্ন স্থানে ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার ঝুলিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ। ব্যানারটি নজরে আসলে শ্রমিক দলের নোতাকর্মীরা এটি সরিয়ে ফেলেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা। বুধবার (১৮ মার্চ) দিবাগত গভীর রাতে ছাত্রলীগের দুই কর্মী মোটরসাইকেলে গিয়ে মুখ ঢেকে ব্যানারগুলো টাঙিয়েছেন।
জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুর ঈদ শুভেচ্ছার কয়েকটি ব্যানার ঝালকাঠি প্রেস ক্লাবের সামনেসহ শহরের বিভিন্ন স্থানে টাঙানো হয়। সকালে প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নজড়ে আসে ওই ব্যানার। পরে শ্রমিক দলের কর্মীরা ব্যানারগুলো খুলে ফেলে। বিষয়টি নিয়ে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।
যারা এই ব্যানার টাঙিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান তারা।
ঝালকাঠি প্রেসক্লাবের সিসি টিভির ফুটেজে দেখা যায়, ভোর ৫টা ১৭ মিনিটে নিষিদ্ধ ছাত্রলীগের দুইকর্মী কাপড় দিয়ে মুখ ঢেকে প্রেসক্লাবের সামনে একটি মোটরসাইকেল থামায়। তারা দ্রুত একটি ব্যানার বের করে প্রেসক্লাবের সামনে টাঙিয়ে দেয়। এসময় তারা দুজনে সেলফি তুলে চলে যায়।
খবর পেয়ে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এসে ওই ফুটেজ সংগ্রহ করেন। এদিকে ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝালকাঠিতে কেক কেটে উদযাপন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে অনুসন্ধান করছি। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’