চট্টগ্রাম নগরীর টেরিবাজারে অর্কিড প্লাজা নামে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। একই ঘটনায় নিহত ও আহতদের খোঁজখবর নিতে ঘটনাস্থল ও হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে বক্সির বিট এলাকার ১২তলা অর্কিড প্লাজার চতুর্থ তলায় একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে ধোঁয়ায় দমবন্ধ হয়ে তিনজন অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে দুইজনের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ‘ঈদের ঠিক আগে এ ধরনের হৃদয়বিদারক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যারা মানুষের ঈদের আনন্দ নিশ্চিত করতে কাজ করছিলেন, সেই শ্রমজীবী মানুষগুলোই কর্মরত অবস্থায় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।’
মেয়র আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভবনের মালিক ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ চেষ্টা করবে।’
এ সময় তিনি উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থার কার্যক্রম তদারকি করেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল মুনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর নেতারা। কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত মার্কেট ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নিহতদের মরদেহ পরিদর্শন করেন এবং স্বজনদের সমবেদনা জানান। পাশাপাশি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ‘পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এটি আমাদের জন্য কঠিন পরীক্ষা। সবাইকে ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর ভরসা রাখার আহ্বান জানাচ্ছি।’
তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও যাকাতদাতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
তিনি সুরেশ্বর দরবার শরীফের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছাও জানান এসময়।