জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল ওয়াহেদ খাঁন (৭০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ) সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে একই দিন বেলা ১১টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের বাগজানা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওয়াহেদ খাঁন মহব্বতপুর আমিনিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক এবং বাগজানা গ্রামের মৃত জসির উদ্দিন খাঁনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বাগজানা বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে হিলির দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশা পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।