দেশের সব বিভাগেই রোববার (২৯ মার্চ) বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
অন্যদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় রোববার বাতাসের গতিবেগ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হতে পারে। ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। ঢাকায় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে সূর্যাস্ত হয়ে আবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৩ মিনিটে।
এদিকে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।