রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। গ্রেপ্তার যুবদল নেতার নাম মো. নুর কবির (৩২)। তিনি উপজেলার পশ্চিম মুসলিম ব্লক এলাকার বাসিন্দা।
জানা যায়, গত শুক্রবার (রাত) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে। পরে তাকে বাঘাইছড়ি থানায় সোপর্দ করা হয়। পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠায়।
বিজিবি সূত্রে জানা গেছে, নুর কবির মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। এ সময় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলামের নির্দেশনায় নায়েব সুবেদার মো. কামাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তল্লাশি চালিয়ে তার লুঙ্গির গিঁটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ১৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এদিকে, গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাঘাইছড়ি পৌর যুবদল তাকে দল থেকে বহিষ্কার করে। পৌর যুবদলের সদস্যসচিব ওমর ফারুক জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।