গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে প্রায় তিন হাজার লিটার ডিজেল মজুদ করে রাখার অপরাধে আবুল হোসেন নামের এক তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
শনিবার (২৯ মার্চ) দিবাগত সাড়ে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় মেসার্স এম এস ফিলিং স্টেশন সংলগ্ন বাবর আলী মার্কেটে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় দুই হাজার ৮৭০ লিটার ডিজেল মজুদের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দকৃত তেল নায্যমূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।
বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।