প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে মুন্সিগঞ্জের শ্রীনগরে শাওন মাহমুদ (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদল নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার জুশুরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে শ্রীনগর থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া শাওন মাহমুদ শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের প্রাণী মন্ডল এলাকার বাসিন্দা। তিনি মো. শহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শাওনের একটি ফেসবুক পোস্ট ঘিরে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার জুশুরগাঁও এম রহমান কমপ্লেক্স এলাকায় শাওনের মালিকানাধীন রেস্তোরাঁয় ২৫–৩০ জন বিএনপি ও যুবদলের নেতাকর্মী জড়ো হন। পরে সেখানে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শাওনকে আটক করার সময় উপস্থিত যুবদল কর্মী উজ্জ্বল খান ও বুলেট সাংবাদিকদের বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সে (শাওন) অকথ্য ভাষায় পোস্ট করেছে। বিষয়টি আমরা থানা প্রশাসনকে জানাই। প্রায় চার থেকে সাড়ে চার ঘণ্টার প্রচেষ্টায় তাকে ধরতে সক্ষম হই। বাংলাদেশের জনগণ তারেক রহমানের কোনো খারাপ দিক বলতে পারবে না। এমন একজন মানুষকে নিয়ে কটুক্তি আমরা মেনে নেব না।’ শাওনকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তার সঙ্গে কারা জড়িতদের গ্রেপ্তারের দাবিও জানান তারা।
ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলটন দত্ত জানান, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময়ে সরকার ও রাষ্ট্রবিরোধী নানা ধরনের পোস্ট পাওয়া গেছে বলেও জানান তিনি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শাওনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।