সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস কমতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা প্রশমিত হতে পারে।
অন্যদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় এদিন দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। ঢাকায় সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে সূর্যে ডুবে আবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৬ মিনিটে।
এদিকে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমান ছিল ৫০ মিলিমিটার।