ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে অমরাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে পৌর শহরের শান্তিবাগ এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অমরাত ওই এলাকার বাসিন্দা পেডিস্ট সিয়ামের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪-৫ দিন আগে জ্বরে আক্রান্ত হওয়ার পর তার ডায়রিয়া শুরু হয়। পরে শরীরে হামের লক্ষণ দেখা দিলে অবস্থার অবনতি ঘটে। শনিবার রাতে শ্বাসকষ্ট শুরু হলে বাসায় চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
এর আগে, অমরাতের বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন। জানা যায়, শিশুটি আগে থেকেই কিডনি সমস্যায় ভুগছিল, যার সঙ্গে হামের সংক্রমণ যুক্ত হয়ে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত হামের সংক্রমণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, জেলায় হামের প্রাদুর্ভাব বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্যবিভাগ। হামের লক্ষণ নিয়ে এরই মধ্যে ৫১ শিশু ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে। এর মধ্যে সাতজনের শরীরে হাম শনাক্ত হয়েছে।