ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় ছাত্রদলের একটি কলেজ কমিটিকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। কমিটিতে একজন ট্রান্সজেন্ডার সদস্যকে পদ দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
জানা যায়, সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান রেদোয়ান ইসলাম। তবে পরবর্তীতে অভিযোগ ওঠে— তিনি নিজের জেন্ডার পরিচয় গোপন করে বায়োডাটায় নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছেন।
রোববার (৫ এপ্রিল) জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য গোপনের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, সম্প্রতি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে জানা যায়, রেদোয়ান ইসলাম অপারেশনের মাধ্যমে পুরুষ থেকে নারী হয়েছেন— যা তিনি পূর্বে উল্লেখ করেননি।
এদিকে রেদোয়ান ইসলাম এক ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, তাকে সাংস্কৃতিক কার্যক্রমে দক্ষতার ভিত্তিতেই পদ দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, যোগ্যতার ভিত্তিতেই কাজ করার সুযোগ পাওয়া উচিত—সে ছেলে হোক বা মেয়ে।
ঘটনাটি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে।