দখল ও দূষণের কারণে গাজীপুরের কাশিমপুর এলাকার একসময়ের প্রবাহমান খালগুলো আজ মৃতপ্রায়। যেখানে একসময় মাছ আর পালতোলা নৌকার দৃশ্য দেখা যেত, সেখানে এখন জমেছে ময়লা-আবর্জনার স্তূপ।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমপুরের লতিফপুর থেকে বেক্সিমকো এবং পানিশাইল থেকে চক্রবর্তী হয়ে বংশাই নদীতে মিলিত হওয়া কয়েক কিলোমিটার দীর্ঘ সফিউল্লাহ ও চক্রবর্তীর খালটি বর্তমানে দখল ও দূষণে নালায় পরিণত হয়েছে। খালের দুই তীর দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট, বাসাবাড়ি ও বিভিন্ন শিল্প-কারখানা।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ, যা স্থানীয় বাসিন্দাদের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সামান্য বৃষ্টিতেই খালের পানি উপচে পড়ে আশপাশের বাসা-বাড়িতে ঢুকে পড়ে, ফলে চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী।
এলাকাবাসীরা জানান, দ্রুত খালগুলো খনন ও দখলমুক্ত করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে ১৮০ দিনের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন মোট ১৯টি খাল পর্যায়ক্রমে দখলমুক্ত ও দূষণমুক্ত করে জনগণের ব্যবহারের উপযোগী করা হবে।
স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়— অতি দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে ঐতিহ্যবাহী খালগুলো পুনরুদ্ধার করা হোক।