শরীয়তপুর পৌরসভার চরপালং এলাকায় সেচ পাম্পের সঙ্গে বোরকা পেঁচিয়ে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে চরপালংয়ের কীর্তিনাশা নদীর পাড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম ওই এলাকার বাসিন্দা ইব্রাহিম সরদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রোজিনা বেগম। পথিমধ্যে কীর্তিনাশা নদীর পাড়ে স্থাপিত একটি সেচ পাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাতাসে তার পরিহিত বোরকা পাম্পের ঘূর্ণায়মান যন্ত্রে পেঁচিয়ে যায়। এতে বোরকা টেনে মেশিনের ভেতরে চলে যায় এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোরকা পেঁচিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পাম্পের ভেতরে আটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা জলিল মিয়া বলেন, ‘আমরা বহুদিন ধরে বলে আসছিলাম মেশিনটির চারপাশে নিরাপত্তা বেষ্টনী দিতে। কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। অবহেলার কারণেই এ প্রাণহানি ঘটেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সেলিম মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নারীর দেহ মেশিনে পেঁচানো অবস্থায় রয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পালং মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবীর হোসেন বলেন, সেচ পাম্পটি অরক্ষিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে গাফিলতির বিষয়টি সামনে এসেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।