টাঙ্গাইলের শ্যামাপদ খাল পুনরুদ্ধার, ভাসানী হল সংস্কার, ব্রাহ্মসমাজের মন্দিরসহ সকল প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা, খাল-বিল-জলাধার দুষণ ও অবৈধ দখলমুক্ত ও অন্যায় অনিয়ম দূর করা, অবৈধ দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে মানববন্ধন ও গণঅনশন কর্মসূচি শুরু করেছে টাঙ্গাইল জেলা নাগরিক সুরক্ষা কমিটি।
বুধবার (৮ এপ্রিল) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইল জেলা নাগরিক সুরক্ষা কমিটি ও আরও কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সম্মিলিতভাবে এই কর্মসূচি শুরু করে।
মানববন্ধন ও গণঅনশন কর্মসূচি শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাজ্য, সদস্য মাসুদ, টোকাই নাট্য দল বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সাজু মেহেদী, বাংলাদেশ অক্ষম অসহায় পূর্ণবাসন সংস্থার সভাপতি মোহাম্মদ জাকির হোসাইন, জনতার আওয়াজ-এর সম্পাদক হুমায়ুন কবির-এই পাঁচজন অনশন করে আসছেন বলে জানা গেছে।
নূর মোহাম্মদ রাজ্য জানান, এই কর্মসূচির সঙ্গে ন্যাপ ভাসানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টাঙ্গাইল জেলা, বৈষম্যবিরোধী টাঙ্গাইল জেলাসহ বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে।