শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর এলাকায় অবস্থিত মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনের বিরুদ্ধে দিনে কৃত্রিম সংকট দেখিয়ে গভীর রাতে অবৈধভাবে ডিজেল বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। এতে সাধারণ ভোক্তা, কৃষক ও পরিবহন চালকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে স্টেশনটির মালিক ফারুক মাদবরকে কয়েকটি ট্রাক, পিকআপ ও জারিকেনে ডিজেল বিক্রি করতে দেখা গেছে। অথচ দিনের বেলায় তেল সংকটের অজুহাত দেখিয়ে সাধারণ গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার পাম্পটিতে একটি তেলবাহী গাড়ি পৌঁছানোর পর শুক্রবার ভোর থেকেই প্রায় ২ কিলোমিটারজুড়ে মোটরসাইকেল চালকরা লাইনে দাঁড়ান। কিন্তু অভিযোগ রয়েছে, দালালচক্রের কারণে শৃঙ্খলা ভেঙে পড়ে এবং সন্ধ্যার আগেই তেল শেষ বলে ঘোষণা দেয় পাম্প কর্তৃপক্ষ। ফলে, অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরে যান। কৃষকরাও প্রয়োজন অনুযায়ী ডিজেল না পাওয়ার অভিযোগ করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর পাম্প বন্ধ থাকার কথা থাকলেও তা মানা হচ্ছে না। বরং রাতে বিশেষ প্রভাবশালীদের তদবিরে ১০০ লিটার বা তার বেশি ডিজেল সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে লাইনে দাঁড়ানো সাধারণ কৃষক, জেলে ও মোটরসাইকেল চালকদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
ট্রাক চালক লতিফ মিয়া বলেন, ‘আমি ২ হাজার টাকার ডিজেল কিনেছি। আমরা প্রতিদিন রাতে এই পাম্প থেকে তেল নেই।’
উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজু জানান, ‘খবর পেয়ে রাত ১১টার দিকে পাম্পে গিয়ে দেখি ট্রাকে ডিজেল বিক্রি হচ্ছে। নিষেধ করলেও তারা শুনেনি। বিষয়টি এসিল্যান্ড স্যারকে জানিয়েছি।’
অভিযোগের বিষয়ে পাম্পের মালিক ফারুক মাদবর বলেন, ‘রাতে তেল বিক্রি করলে সমস্যা কী? আমাকে সহ ভিডিও করে নেন।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন, ‘রাতে তেল বিক্রির বিষয়টি এখনই জানতে পারলাম। এসিল্যান্ডকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
স্থানীয়দের দাবি, কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু চক্রের মাধ্যমে রাতের আঁধারে তেল বিক্রি বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।