টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ফাতেমা (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ফাতেমা মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকীর নেংড়াবাজার এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. আবু সামা। সে স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
পরিবারসূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) আছর নামাজের পর থেকে ফাতেমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিখোঁজের বিজ্ঞপ্তি দেওয়া হয়।
পরে রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা বাগানে স্থানীয়রা ঘাস কাটতে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহতের মামা জনি খান জানান, ‘ফাতেমার কানে স্বর্ণ ও রূপার গয়না ছিল। তার সন্দেহ, কোনো দুর্বৃত্ত শিশুটিকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গয়না ছিনিয়ে নিয়ে হত্যা করে ভুট্টা খেতে ফেলে রেখে গেছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার আগে অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।