ঝালকাঠির নলছিটি উপজেলায় দুর্বৃত্তদের হামলায় ইকবাল হোসেন হাওলাদার (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন হাওলাদার ওই এলাকার মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার সময় তিনি বাড়ির বাইরে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।