বাংলা নববর্ষের আনন্দ আর গ্রামীণ ঐতিহ্যের রঙে রঙিন হয়ে উঠেছে ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচা এলাকা। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল ঐতিহ্যবাহী রশি টানাটানি খেলা, যা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা এই আয়োজন যেন এক মিলনমেলায় পরিণত হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ৫ নম্বর সিরতা ইউনিয়নের চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসবের আয়োজন করে গোলাম হোসেন সরকার স্মৃতি সংঘ। প্রতিবছরের মতো এবারও তারা গ্রামীণ ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন করে, যা স্থানীয়দের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য এনে দেয়।
মাঠজুড়ে ছিল মানুষের ভিড়। শিশু, কিশোর, যুবক, নারী, এমনকি প্রবীণদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। দল বেঁধে রশি টানাটানি খেলায় অংশ নিয়ে প্রতিযোগীরা যেমন আনন্দ পেয়েছেন, তেমনি দর্শকরাও উপভোগ করেছেন প্রতিটি মুহূর্ত। খেলায় প্রতিযোগিতামূলক মনোভাবের পাশাপাশি ছিল হাসি-আনন্দ আর উৎসবের আবহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ আল মামুন ও গোলাম হোসেন সরকার স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ফয়জুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার মোঃ রাকিবুল আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ বকুল, পরানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা এই খেলাগুলোকে টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
গ্রামীণ ঐতিহ্যের ধারক এই রশি টানাটানি খেলা নতুন প্রজন্মের কাছে যেন হারিয়ে না যায়, সেই প্রত্যাশা নিয়েই এমন আয়োজন, এমনটাই মনে করছেন সচেতন মহল।