গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে বেড়াতে আসা নূর হোসেন (৪০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উপজেলার ৮ নম্বর ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত যুবক নূর হোসেন কক্সবাজার জেলার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল হাসিম। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি আওয়ামী লীগ নেতা হামজেলার বাড়িতে বেড়াতে এসে কয়েক দিন ধরে ওই এলাকায় অবস্থান করছিলেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে সাদুল্লাপুর থানায় নিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে আরও জোরালো তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সাদুল্লাপুর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির পরিচয় যাচাই করা হচ্ছে। তিনি কীভাবে এখানে এসেছেন এবং কার সঙ্গে যোগাযোগ ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন এবং পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।