দেশের ছয় জেলার ওপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
একই সঙ্গে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২০ ডিগ্রি সেলসিয়াস। আর ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৭১ মিলিমিটার।
এদিকে ঢাকায় বুধবার বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। এ ছাড়া ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। ঢাকায় এদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সূর্যাস্ত হয়ে আবার সূর্য উঠবে ভোর ৫টা ৩৭ মিনিটে।