প্রাথমিক বৃত্তি পরীক্ষা
সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় একযোগে অনুষ্ঠিত চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বুধবার (১৫ এপ্রিল) মোট ৮ হাজার ৫০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষার জন্য ১৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ৩০৫ জন ছেলে এবং ৩ হাজার ৪৮৭ জন মেয়ে।
উপজেলাভিত্তিক পরিসংখ্যানে সদর উপজেলায় সর্বোচ্চ ১ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। অন্যদিকে, সবচেয়ে কম ৪৭৫ জন শিক্ষার্থী অংশ নিয়েঠে দেবহাটা উপজেলায়। এছাড়া আশাশুনি, কলারোয়া, কালিগঞ্জ, তালা ও শ্যামনগর উপজেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রতিটি উপজেলায় নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপনের মাধ্যমে পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে।
জেলার ১৭টি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রশ্নপত্র ফাঁস বা কোনো অনিয়ম রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হচ্ছে। কেন্দ্রগুলোতে প্রশাসন, শিক্ষা বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চার দিনে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুষ্ঠু পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের জন্য উপকারী এবং এটি তাদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে। পাশাপাশি সরকার বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়িয়েছে, যা শিক্ষার্থীদের উৎসাহিত করবে।
তিনি আরও জানান, এবারের পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করা রয়েছে।