নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের, অর্থদণ্ড এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।
অভিযানকালে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ডিজেল উদ্ধার করা হয়। এ সময় জ্বালানি তেল অবৈধভাবে সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ছাড়া অভিযানে প্রায় ৩ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৫ হাজার টাকা।
নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় স্বাভাবিক জ্বালানি সরবরাহ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি তেল কিংবা অন্য কোনো পণ্য মজুদকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।