চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে রাসেল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের বাসিন্দা এবং রেজাউল হোসেনের ছেলে।
নিহত রাসেলের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুমানিক দুপুর ১২টার দিকে রাসেল বাড়ির পাশের জমিতে তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুত্বর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ জানান, বজ্রপাতেই রাসেলের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।