কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার রাজারকুল ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি তদন্ত মোহাম্মদ ফরিদ।
স্থানীয়দের বরাতে পুলিশ অফিসার ফরিদ জানান , দুবাই প্রবাসী মো. জসিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন তাকিব। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ সেখানে বসবাস করে আসছিলেন। গত বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে তার স্ত্রী রুবায়েত সারমিন মনির সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকিব স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
ধারণা করা হচ্ছে, রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময় তিনি ঘরের সিলিংয়ের এঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। নিহত তাকিব চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের মৃত মো. মহসিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক তথ্য অনুযায়ী, তাকিব বেশ কিছুদিন ধরে ঋণে জর্জরিত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। ঋণের চাপ ও পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
রামু থানার ওসি তদন্ত মোহাম্মদ ফরিদ জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।