ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিককে কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে সহকারী ভূমি কর্মকর্তা সামসুদ্দোহার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকরা হলেন—পিয়াল হাসান রিয়াজ, মমিনুল হক রুবেল ও মো. অলিউল্লাহ। তারা অভিযোগ করেন, প্রয়োজনীয় তথ্য জানতে ভূমি অফিসে গেলে সহকারী কর্মকর্তা সামসুদ্দোহা তাদের একটি কক্ষে আটকে রাখেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সাংবাদিকদের মুক্ত করা হয়।
এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। তবে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।