রাঙামাটির কুতুকছড়ি এলাকায় সশস্ত্র হামলায় ধর্মসিং চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা ধর্মসিং চাকমা নিহত হয়েছেন। হামলার সময় গুলিবিদ্ধ হয়েছেন দুই নারী। এই দুই নারী ধর্মসিং চাকমার বোন বলে জানা গেছে।
নিহত ধর্মসিং চাকমা ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তিনি ধনঞ্জয় চাকমার ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ছয়টার দিকে কুতুকছড়ি উপরপাড়া এলাকায় একদল সশস্ত্র ব্যক্তি ধর্মসিং চাকমার বাড়িতে গিয়ে তাকে বাইরে ডাকে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি সরে যাওয়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় ছোড়া গুলিতে তার দুই বোন ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমা আহত হন। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, দুজনের হাতেই গুলি লেগেছে।
রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, আহত দুই নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে তারা বাড়ি ফিরে গেছেন।
এদিকে ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ নেতা-কর্মীরা।