নাগরিক প্রতিদিন-এ খবর প্রকাশ
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের কাহেতুরা গ্রামের অসহায় নারী হাফসার জন্য ঘর নির্মাণের আশ্বাস দিয়েছেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। নাগরিক প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর তিনি দ্রুত বিষয়টি গুরুত্বসহকারে দেখেন এবং ঘর দেওয়ার আশ্বাস প্রদান করেন।
জানা গেছে, স্বামীহারা হাফসা দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে চার সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন। নিজের নামে কোনো জমি না থাকায় অন্যের জমিতে একটি ছোট্ট ঘর তুলে কোনোভাবে দিন কাটাচ্ছিলেন। সম্প্রতি কালবৈশাখী ঝড়ে তার সেই একমাত্র বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।
হাফসার পরিবারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। এর মধ্যে এক মেয়ে শারীরিক প্রতিবন্ধী। ঘর ভেঙে যাওয়ার পর থেকে সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তিনি। স্থানীয়দের সহযোগিতায় অস্থায়ীভাবে দিন পার করলেও স্থায়ী আশ্রয়ের অভাবে চরম অনিশ্চয়তায় রয়েছে পরিবারটি।
ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে একদিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারটির কাছে ২ বান্ডিল ঢেউটিন, শুকনা খাবার এবং চারটি কম্বল পৌঁছে দেওয়া হয়েছে।
গত ১৬ এপ্রিল নাগরিক প্রতিদিন-এ হাফসার দুর্দশার সংবাদ প্রকাশিত হলে বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় আসে। এর পরদিন ১৭ এপ্রিল সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী হাফসার জন্য একটি ঘর নির্মাণের আশ্বাস দেন। তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, হাফসার মতো অসহায় পরিবার এলাকায় খুব কমই রয়েছে। তারা দ্রুত ঘর নির্মাণের কাজ শুরু করে পরিবারটির নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।