বরিশালে মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরম ও অপর্যাপ্ত আলোতে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মাস্টার্স ফাইনাল পর্বের পরীক্ষা চলাকালীন।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ হলেন প্রফেসর মো. আসাদুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। এ সময় কলেজে দুটি বিদ্যুতের লাইন থাকলেও একটিতেও বিদ্যুৎ ছিল না। ফলে বাধ্য হয়েই মাস্টার্স ফাইনাল পরীক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে। এমনকি বিদ্যুৎ সংশ্লিষ্টদের একাধিকবার ফোন করা হলে তারা জানায় বিদ্যুতের ট্রান্সমিটারের কাজ চলছে। এসময় প্রায় ঘন্টাখানেক মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা।
তিনি আরও বলেন, ‘বিএম কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। আমরা চেষ্টা করেছি সোলার বসানো যায় কিনা। এটা তো বড় প্রজেক্ট। সোলারের অনেক দাম। আমাদের কিছু সোলার আছে। আরও বড় করে যেন করা যায় সে বিষয়ে সরকারের সঙ্গে কথা বলব।’
এ বিষয়ে জানতে বরিশাল ওজোপাডিকো-২ এর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, ‘পরীক্ষা চলাকালীন বরিশাল সরকারি মহিলা কলেজে যে বিদ্যুৎ নেই এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। এমনকি ফোনও করেনি। আর এখন চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন কম। তাই এমন হচ্ছে। কবে নাগাদ উৎপাদন বাড়বে সেটা উৎপাদন সংশ্লিষ্টরাই ভাল বলতে পারবেন।’