নেত্রকোনার আটপাড়া উপজেলায় হাতিয়া গ্রামে হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেষি হাওড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে আলতু মিয়া গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের হাওড়ে যান। কিছুক্ষণ পর হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। বৃষ্টি ও বজ্রপাত থেমে গেলে স্থানীয় লোকজন হাওড়ে গিয়ে আলতু মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।