গাজীপুরের শ্রীপুরে অপহরণের অভিযোগে আলোচিত মাদরাসাছাত্রী ফারিহা (১৬)-কে উদ্ধার করেছে পুলিশ। আর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো পলাতক রয়েছে এই মামলার প্রধান আসামি আবিদ।
শনিবার (১৮ এপ্রিল) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, নয়নপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লালচান কিশোরীকে উদ্ধার করেন। একই সঙ্গে মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া কিশোরী প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছে, সে স্বেচ্ছায় অভিযুক্তদের সঙ্গে গিয়েছিল। তাকে অপহরণ করা হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি প্রেমঘটিত জটিলতার কারণে সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় এক মসজিদের ইমামের মেয়ে ফারিহাকে দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন যুবক উত্ত্যক্ত করে আসছিল। গত ১৪ এপ্রিল সকালে মাদরাসায় যাওয়ার পথে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরে এক দফা ফিরিয়ে দেওয়া হলেও ১৫ এপ্রিল পুনরায় দলবল নিয়ে বাড়িতে হামলা চালিয়ে অস্ত্রের মুখে তাকে আবার নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা হাদিউল ইসলাম শ্রীপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রধান আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।