গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় রাহাত নামে এক পুলিশ সদস্য (কনস্টেবল) আহত হয়েছেন। তিনি টঙ্গী পূর্ব থানায় কর্মরত। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত কনস্টেবলকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত টহল ডিউটির অংশ হিসেবে টঙ্গীবাজার এলাকায় পুলিশের একটি দল সন্দেহভাজন কয়েকজন ব্যক্তির দেহ তল্লাশি করছিল।
এসময় হঠাৎ করে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র কনস্টেবল রাহাতকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কিল-ঘুষি ও লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।
পরবর্তীতে সহকর্মী পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।