বগুড়ায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ ৬৮ হাজার ৪৯৪ জন শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হচ্ছে। সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান জেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গাবতলী উপজেলার বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর ই শাদীদ।
তিনি জানান, জেলার ১২টি উপজেলার ১০৯টি ইউনিয়ন ও ১২টি পৌরসভায় স্থায়ী ও অস্থায়ী মোট ২ হাজার ৮৭৩টি টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।
আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জেলায় এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে একজন শিশু এবং উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ছয়জনের হাম পজিটিভ শনাক্ত হয়েছে এবং বর্তমানে ৩২ শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৭ শিশু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ডা. এ কে এম কামরুজ্জামান, বগুড়া জেলা প্রতিনিধি ডা. তারিক মো. রেজা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আজিজুল হক বাপ্পা এবং স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।