নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় শাহজামাল শুভ (১৯) নামের এক সাবেক ছাত্রদল নেতা গুরুত্বর আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শুকাশ ইউনিয়নের কুড়িপাকিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহত শাহজামাল শুভ বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শুকাশ ইউনিয়নের সাহেব আধখোলা গ্রামের বাসিন্দা। তিনি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী শুভ জানান, রোববার সন্ধ্যায় তিনি মোটরসাইকেলযোগে কুড়িপাকিয়া থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। মধ্য পূর্ব শত্রুতার জেরে কুড়িপাকিয়া গ্রামের বাবু (১৮) ও মেহেদী (১৮)-সহ ৫-৬ জন তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মাথায় গুরুত্বর জখম হন।
শুভ আরও অভিযোগ করেন, হামলার সময় তার কাছে থাকা নগদ ৭,৫০০ টাকা, মোবাইল ফোন ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়া হয় এবং তার মোটরসাইকেলটি নিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনায় তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিষয়টি মৌখিকভাবে শুনেছেন। তবে এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।