জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের অপরাধে নিজের সন্তান হযরত আলী (২৭)-কে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন তার মা সুর্যতনভান। সোমবার (২০ এপ্রিল ) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে প্রশাসনের হাতে সোপর্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জহিরুল ইসলাম তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হযরত আলী পৌর শহরের চর ভবসর এলাকার মোনা শেখের ছেলে।
জানা গেছে, হযরত আলী দীর্ঘদিন ধরে বাড়িতে মাদক সেবন করে আসছিলেন। মাদকের টাকা না পেয়ে তিনি পরিবার ও তার মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এ ঘটনায় তার মা অভিযোগ করলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে আটক করে।
হযরত আলীর মা সুর্যতনভান জানান, তার ছেলে মাদকাসক্ত হয়ে দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি সৃষ্টি করে আসছিল। টাকা না দিলে তাকেও মারধর করত। অনেকবার নিষেধ করার পরও সে মাদক সেবন বন্ধ না করায় বাধ্য হয়ে তাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জহিরুল ইসলাম জানান, মাদকাসক্ত হযরত আলী দীর্ঘদিন ধরে পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। সোমবার সকালে মাদক সেবনের পর তিনি তার মাকে মারধর করলে খবর পেয়ে পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত হযরত আলীকে কারাগারে পাঠানো হয়েছে।