বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী নশিপুর এলাকায় নিজ জন্মভূমিতে অবস্থিত চৌকিরদহ খালে খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ এপ্রিল) দুপুর ৩টা ৪০ মিনিটে তিনি খননস্থলে পৌঁছালে খালের দুই পাড়ে অবস্থান নেওয়া হাজারো মানুষ তাকে স্বাগত জানান।
এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত জনতার প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে তিনি নিজ হাতে কোদাল চালিয়ে খালের মাটি কেটে খনন কার্যক্রমের উদ্বোধন করেন।
এর আগে দুপুর ২টায় তিনি নিজ জন্মভূমি বাগবাড়ীতে পৌঁছান। পরে আড়াইটার দিকে বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এরপর বিকেল ৩টায় শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেন।
খাল খনন কর্মসূচি শেষে বিকেল ৪টার দিকে তিনি নিজ পৈতৃক বাড়িতে যান। সেখানে সংক্ষিপ্ত সময় অবস্থান শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে শহরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
পরে সন্ধ্যা ৫টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।