নওগাঁর নিয়ামতপুরে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে একই পরিবারের চার সদস্যকে গলাকেটে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে বাহাদুরপুর গ্রামে এই লোমহর্ষক হত্যাকাণ্ড হয়।
নিহত চারজন হলেন—নমির উদ্দিনের ছেলে মো. হাবিবুর রহমান (৩২) এবং তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) ও মেয়ে সাদিয়া আক্তার (৩)।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রাতের অন্ধকারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের মৃতদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে এমন ঘটনা ঘটতে পারে।
পুলিশের ধারণা, দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সময়ে এই হত্যাকাণ্ড হয়েছে। নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে একই পরিবারের চারজনকে এভাবে নির্বিচারে হত্যার ঘটনায় পুরো বাহাদুরপুর গ্রামে শোকের ছায়া ও চরম আতঙ্ক বিরাজ করছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উন্মোচনে তারা কাজ শুরু করেছে এবং খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।’