হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এবং সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর (রহ.) কবর জিয়ারত করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে তিনি দারুল উলুম মইনুল ইসলাম প্রকাশ হাটহাজারী মাদরাসায় এসে পৌঁছান।
কবর জিয়ারত শেষে তিনি মাদরাসার দায়িত্বশীলদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। এসময় তিনি বলেন, ‘দলের পক্ষ থেকে আমাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে সেই কারণেই দোয়ার জন্য এখানে আসা।’
পরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সময় আপনাদের মিছিল আমরা দেখেছি। আপনারা সেই ক্রান্তিকালে সাহস নিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে ছিলেন। আপনাদের সেই সময়োপযোগী সিদ্ধান্ত এবং রাজপথে উপস্থিতির কারণে আজকে আমরা বেঁচে আছি এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে পাচ্ছি।’
তিনি বলেন, ‘আপনারা হাসিনার মতো শক্তিশালী স্বৈর শাসককে এ দেশ থেকে বিতাড়িত করতে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের, আমাদের ভাইয়েরা রাজপথে জীবন দিতে দ্বিতীয়বার ভাবেনি। এছাড়াও বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে, ইসলামের জন্য আপনারা রাজপথে নেমে এসেছিলেন। শাপলা চত্বরে আপনারা নেতৃত্ব দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন। এই জাতির পক্ষ থেকে, বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই।’
তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন, গণ-অভ্যুত্থানের স্পিরিট অনুযায়ী এ দেশ পরিচালনা, আমাদের ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার, গণ-অভ্যুত্থানে শহীদ শত শত হাজার হাজার ভাইয়ের হত্যার বিচার বাস্তবায়নের জন্য আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আমার বিশ্বাস, আপনারা সেই লড়াইয়ে আমাদের সঙ্গে থাকবেন। এবং সামনের দিনে আমরা সবাই একসঙ্গে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাব।’
এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দলটির মুখপাত্র বলেন, ‘আমরা জাতীয় নাগরিক পার্টিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে কাজ করছি। দলে নতুন অনেকে যুক্ত হচ্ছেন। আমরা চেষ্টা করছি দলকে একটি সুসংগঠিত অবস্থানে নিয়ে যেতে।’
এর আগে বিকেলে তিনি ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদরাসার মহাপরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও উপস্থিত ছিলেন।
এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, ‘আমাদের মুখপাত্র আসিফ মাহমুদ দোয়া নিতে ও আল্লামা আহমদ শফী (রহঃ) কবর জেয়ারতের উদ্দেশ্যেই চট্টগ্রামে এসেছেন, হাটহাজারী মাদরাসায় আসার আগে ফটিকছড়িস্থ বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন। এসময় আসিফ মাহমুদকে পেয়ে মাদ্রাসার ছাত্ররা উচ্ছ্বসিত হয়।’