পাবনার ঈশ্বরদী পদ্মা নদীতে টহল ডিউটির সময় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় নৌ পুলিশের ৫ পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় এ হামলার ঘটনা ঘটে। এতে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ৫ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এছাড়া নৌকার মাঝিও আহত হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত নৌকার মাঝি তুহিন মালথা জানান, নিয়মিত টহল ডিউটি পালনকালে লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৫ পুলিশ সদস্য ও নৌকার মাঝি গুলিবিদ্ধ হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সবাই একই নৌফাঁড়িতে কর্মরত। এদের মধ্যে গুরুতর আহত মানিক মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়েছে।
আহত লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পারি পদ্মা নদীতে কে বা কারা বালু উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযানে যাই। তাদেরকে বালু উত্তোলন করতে নিষেধ করি। তখন তারা আমাদেরকে গুলি বর্ষন করে। এতে আমরা পাঁচ পুলিশ সদস্য ও একজন নৌকার মাঝি গুলিতে আহত হয়েছেন। আমরা হাসপাতালে চিকিৎসাধীন আছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’