শিক্ষাদান, পরীক্ষা গ্রহণ ও ডিগ্রী প্রদান বিষয়ে সংবিধি প্রনয়ণ ও বাস্তবায়নের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (২২ এপ্রিল) সকাল থেকেই তারা এই কর্মসূচি শুরু করেন।
এতে করে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা জানায়, পরীক্ষা ও ক্লাস বন্ধ হওয়ায় তাদের অনেক ক্ষতি হয়েছে। বিষয়টির যেন দ্রুত সমাধান হয় সেই কামনা করেন তারা।
শিক্ষকরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকদেী পদোন্নতি হচ্ছে না। এছাড়া বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ কার্যক্রমও। যার ফলে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। এই অবস্থায় দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলও তা পূরণ না হওয়ায় শাটডাউন কর্মসূচি পালন করছে তারা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তৌফিক আলম বলেন, ইউজিসি’র ভাষ্য হলো, সংবিধি প্রণয়নের আগ পর্যন্ত পদোন্নতি বন্ধ থাকবে। বাকিগুলো সব ঠিক থাকবে। কিন্তু তা মানতে নারাজ শিক্ষকরা।