জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধানক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ড্রামে করে লুকিয়ে রাখা ১৪৫ লিটার অকটেন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ধানক্ষেতের ভেতরে একটি ড্রামে রাখা অবস্থায় অকটেন উদ্ধার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ ছিল। গোপন সংবাদে এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় রাখা অকটেন জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, জব্দকৃত ১৪৫ লিটার অকটেন আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।