চাঁদা আদায়কে কেন্দ্র করে শ্রমিক সংগঠনের দুপক্ষের বিরোধে চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লাসহ সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে কর্মবিরতি শুরু হওয়ায় আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শ্রমিকদের অভিযোগ, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়ন-উভয়পক্ষই বাস থেকে চাঁদা আদায় করছে। এ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চরমে পৌঁছেছে।
ট্রাক শ্রমিক ইউনিয়নের দাবি, টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের কোনো অধিকার নেই।
অন্যদিকে মোটর শ্রমিক ইউনিয়ন বলছে, তারা নিয়ম মেনেই বাস থেকে চাঁদা নিচ্ছে, বরং অপর পক্ষ অবৈধভাবে বাস থেকেও চাঁদা আদায় করছে।
শুক্রবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনার ও সভাপতি মো. সাইদুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ধ্যার মধ্যে চাঁদা আদায় বন্ধ না হলে সন্ধ্যার পর থেকে বাসের পাশাপাশি ট্রাকসহ সব ধরনের পরিবহন বন্ধ করে দেওয়া হবে।
অন্যদিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রোউফ জুলমত বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য হওয়ায় তারাই শুধু বাস থেকে চাঁদা আদায়ের অধিকার রাখেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠক করলেও এখনও সমাধান হয়নি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, যান চলাচল স্বাভাবিক হয়নি।