সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ৬৩ লাখ টাকা মূল্যের সোনার বারসহ শিউলী আক্তার (২৩) নামে এক নারী পাচারকারীকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল বিকেলে আলীপুর বাঁকাল চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় খুলনা রোড মোড় থেকে ভোমরা সীমান্তগামী একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে নারী সৈনিকের সহায়তায় শিউলী আক্তারের দেহে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারের মোট ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম।
শুক্রবার (২৪ এপ্রিল) ৩৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুল্ক ফাঁকি দিয়ে এসব সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
আটক শিউলী আক্তারকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।