গাজীপুর মহানগরের টঙ্গীতে বিএনপি নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি ভিন্ন ফোন নম্বর ব্যবহার করে আলো জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র-এর পরিচালকের ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দেন।
এ সময় তারা নিজেদের গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু পরিচয় দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।
ভুক্তভোগীর অভিযোগ, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।
ঘটনার পর নিরাময় কেন্দ্রের পরিচালক বাদী হয়ে শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ‘এর আগেও ৫-৬ মাস আগে একইভাবে আমার নাম ব্যবহার করে বিভিন্ন গার্মেন্টস ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছিল। তখন বিভ্রান্তির সৃষ্টি হলে আমাকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আমাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়।’
তিনি আরও অভিযোগ করেন, ‘সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।’
স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।