সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বিয়ে, এরপর দুই বছরের সংসার। কিন্তু সেই সম্পর্কের ইতি ঘটলেও শেষ হয়নি বিরোধ। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় সাবেক স্ত্রীর বিরুদ্ধে অব্যাহত হয়রানি, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন স্বামী।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে কোনাবাড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মো. সাদ্দাম হোসেন। তিনি মহানগরীর হায়দরাবাদ এলাকার বাসিন্দা এবং পেশায় চাকরিজীবী।
এসময় সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে রুমা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান রয়েছে। তবে সময়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে এবং গত মাসে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়।
তার অভিযোগ, বিবাহিত জীবনের এক পর্যায়ে তার স্ত্রী বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং প্রায়ই নবজাতক সন্তান রেখে বাইরে সময় কাটাতেন। এসব বিষয়ে আপত্তি জানালে গোপনে ডিভোর্স দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
সাদ্দাম আরও অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে তার কাছ থেকে টাকা-পয়সা আদায় করেছে এবং সম্পত্তিও লিখে নিয়েছে। স্থানীয় মুরুব্বিদের মাধ্যমে কাবিনের চার লাখ টাকা পরিশোধ করার পরও তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি তার।
তিনি বলেন, ‘আমার মেয়ে আমার জন্য পাগল, কিন্তু আমাকে সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না।’ এছাড়াও প্রাক্তন স্ত্রীর নির্দেশে বিভিন্ন ব্যক্তি ফোন করে হত্যার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রুমা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের ডিভোর্স হয়ে গেছে। তার বিষয়ে এখন কিছু বলতে চাই না। তার অভিযোগ মিথ্যা।’
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।