কুষ্টিয়ায় বোমা সাদৃশ্য বস্তু বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাসির শেখ লাহিনী কর্মকারপাড়ার বাহের শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে দুইজন অপরিচিত ব্যক্তি ভ্যানচালক নাসিরকে ৩০ টাকা ভাড়া দিয়ে একটি পার্সেল লাহিনী জোয়ার্দারপাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বলেন। তবে হামিদুল ইসলাম পার্সেলটি নিতে অস্বীকৃতি জানান। পরে নাসির পার্সেলটি নিয়ে লাহিনী বটতলা এলাকায় ফিরে এসে স্থানীয়দের উপস্থিতিতে সেটি খোলার চেষ্টা করেন। খোলার পর ভেতরে একটি কাঠের বাক্স দেখতে পেয়ে তা খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নাসির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত নাসির জানান, পার্সেল দেওয়া দুই ব্যক্তিকে তিনি চিনতেন না। তারা নিজেদের গাড়িচালক পরিচয় দিয়ে হামিদুল ইসলামের সঙ্গে পরিচিত বলে দাবি করেছিলেন। ব্যাগটি খোলার সময় বিস্ফোরণ হয়।
হামিদুল ইসলাম বলেন, ‘তিনি কোনো পার্সেল অর্ডার করেননি, তাই তা গ্রহণ করেননি। এ বিষয়ে তেন কিছু আমি জানি না।’
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.হোসেন ইমাম জানান, বিস্ফোরণে আহত ব্যক্তির শরীরের নিম্নাংশে আঘাত লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ নাগরিক প্রতিদিন-কে বলেন, বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।