গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরইমধ্যে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে পরীক্ষা-নীরিক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়।
মেয়েটির বাবা-মা স্বজন ও স্থানীয়দের অভিযোগ, সোমবার সকালে মেয়েটি স্কুলে যাচ্ছিল। পথে ১০টার দিকে দুই যুবক তাকে জোর করে একটি অটোরিকশায় তুলে নিয়ে পাশের বাজার এলাকার অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানে চেতনানাশক ওষুধ খাইয়ে দিনভর ধর্ষণ করেন। পরে বিকেলে আরেক এলাকায় মেয়েটিকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। তবে ওই দুই যুবক কারা তা নিশ্চিত হওয়া যায়নি।
বিকেলে পথচারীরা মেয়েটিকে সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দিলে তারা মেয়েটিকে উদ্ধার করে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শজিমেক হাসপাতালে রেফার করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার (এমও) ডা. ফাহাদ আল আসাদ বলেন, সন্ধ্যা ৬টার দিকে মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। অন্য এক চিকিৎসকের বরাতে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষাসহ উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি।