মাগুরায় আইনের জালে আটকা পড়েই থাকলেন শ্রীপুর উপজেলার সাবেক যুবলীগ সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। জামিনে মুক্তি পেয়েও শেষরক্ষা হয়নি তার। কারাগারের ফটক পেরোনোর আগেই তাকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে জামিনে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কারাফটক এলাকা থেকে তাকে পুনরায় আটক করে জেলা পুলিশ। ঘটনাটি জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি তদন্তাধীন মামলায় আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় জামিন পেলেও বের হওয়ার মুহূর্তেই তার বিরুদ্ধে থাকা আরেকটি মামলায় নতুন করে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে (মাগুরা সদর-শ্রীপুর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে আঠারোখাদা এলাকায় গোয়েন্দা পুলিশের হাতে আটক হন কুটি। তখনই তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার তথ্য সামনে আসে।
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান বলেন, তার বিরুদ্ধে অন্য মামলাও বিদ্যমান থাকায় আইনগত প্রক্রিয়ায় পুনরায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।