আজমেরী পরিবহনের হেলপার অলি মিয়া, এখনও নিখোঁজ মাথা
গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় সড়কের পাশে পড়ে থাকা দুটি ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে। নিহতের নাম অলি মিয়া (৩৬)। তিনি নরসিংদী সদর এলাকার সুরুজ মিয়ার ছেলে এবং আজমেরী পরিবহনে হেলপার হিসেবে কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, এখনও নিহতের মাথা উদ্ধার সম্ভব হয়নি।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে হাজীর বিরিয়ানি দোকানের সামনে সড়কের পাশে ব্যাগ দুটি দেখতে পান স্থানীয়রা। ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা থানায় খবর দেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো পলিথিনে মোড়ানো মরদেহের কয়েকটি খণ্ড উদ্ধার করে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর ধারণা, রাতের অন্ধকারে ও পর্যাপ্ত লাইটিং না থাকায় অপরাধীরা সহজেই মরদেহ ফেলে পালিয়ে যেতে পেরেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে অলি মিয়ার পরিচয় নিশ্চিত করা হয়েছে। তদন্ত চলছে।