কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর আব্দুর রহমান শামীম (৬৫) ওরফে কালান্দার বাবা হত্যা মামলার অন্যতম আসামি রাজিব মিস্ত্রীকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার।
গ্রেপ্তার হওয়া রাজিব মিস্ত্রী দৌলতপুর উপজেলার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের গাজী মিস্ত্রীর ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কুষ্টিয়া র্যাব-১২ ও র্যাব-৫ সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল রাজশাহীর গোদাগাড়ী থানার থানা রোড এলাকার একটি সেলুনের সামনে থেকে ৩নং এজাহারনামীয় আসামি রাজিব মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত পীর আব্দুর রহমান শামীমের পবিত্র কুরআন শরিফ অবমাননাকর একটি আপত্তিকর মন্তব্যে ভিডিও ছড়িয়ে পড়ে। এর জেরে গত ১১ এপ্রিল দুপুরে দৌলতপুর উপজেলার দক্ষিণ ফিলিপনগরে তার আস্তানায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। হামলাকারীরা তাকে ও তার অনুসারীদের মারধর করে,পাশাপাশি আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। গুরুতর আহত অবস্থায় শামীমকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শামীমের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৮০-২০০ জনকে আসামি করা হয়।
র্যাব জানায়,গ্রেপ্তার রাজিব মিস্ত্রিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এরআগে গত ২৭ এপ্রিল (সোমবার) সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্তের ভিত্তিতে বিপ্লব (২৬) ও আলিফ ইসলাম (২৩) নামের দুই যুবককে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ।