জামালপুর সদর উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে একটি ভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং দুইটি ভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে আদালতের নিরাপত্তা কাজে নিয়োজিত র্যাবের একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোবিন্দপুর ও পৌরসভার পিঙ্গলহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলায় দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কয়েকটি ইটভাটা পরিচালিত হয়ে আসছিল। এরই অংশ হিসেবে বিকেলে প্রথমে গোবিন্দপুর এলাকার জিরন ব্রিক ফিল্ডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয়রা জানান, অভিযান চলাকালে ইটভাটার মালিক সৌরভ হাসান বাবুর মা রোজিনা বেগম হঠাৎ র্যাবের একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়িটির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। হামলার মধ্যেও অভিযান বন্ধ না করে আদালত কার্যক্রম অব্যাহত রাখে।
পরিবেশগত ছাড়পত্র না থাকায় জিরন ব্রিক ফিল্ডকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বুলডোজার দিয়ে ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। পরে পৌরসভার পিঙ্গলহাটি এলাকার যমুনা ব্রিক ফিল্ডে অভিযান চালিয়ে সেখানকার চিমনিও ধ্বংস করা হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রোজিনা বেগম ও ভাটাটির অন্যতম অংশীদার মাহমুদুল হাসান সুজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এ সময় প্রধান মালিক সৌরভ হাসান বাবুসহ অন্য অংশীদাররা পালিয়ে যান।
জামালপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, র্যাবের গাড়িতে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে র্যাব বা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, জামালপুর সদর উপজেলার চারটি অবৈধ ইটভাটার মধ্যে দুইটিতে অভিযান সম্পন্ন হয়েছে। জিরন ব্রিক ফিল্ডকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং এর চিমনি ধ্বংস করা হয়েছে। এছাড়া মালিকপক্ষ অনুপস্থিত থাকায় যমুনা ব্রিক ফিল্ডের চিমনিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাকি অবৈধ ইটভাটাগুলোতেও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।
র্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ মোবাইল ফোনে বলেন, অভিযান চলাকালে এক মানসিক ভারসাম্যহীন নারী র্যাবের গাড়িতে ঢিল ছুড়ে মারেন। এতে গাড়ির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে আটক করা হয়েছে।