রাঙামাটিতে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন চাচাতো ভাই মুন্নার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে শহরে ওই শিশুর বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শিশুটি তার নিজবাসার সামনে অবস্থান করছিল। এ সময় তার চাচাতো ভাই মুন্না তাকে জোরপূর্বক তুলে নিজের ঘরে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ স্বজনদের। পরে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, শিশুটিকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসা শুরু করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শিশুটির অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ঘটনার পরপরই মুন্না এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে। তবে এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত কোনো অভিযোগ বা মামলা করা হয়নি।